আবু বকর সিদ্দিক বক্কর
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পেছনে সংযুক্ত লাগেজ ভ্যান লাইনচ্যুত হয়েছে। এতে সান্তাহার জংশন দিয়ে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। একই সঙ্গে সান্তাহার শহরের একমাত্র রেলক্রসিংয়ের ওপর ট্রেন আটকে থাকায় যান চলাচলও বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার শহরের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সান্তাহার স্টেশনে রাজশাহী থেকে পার্বতীপুরগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস এবং আক্কেলপুর স্টেশনে রাজশাহীগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস আটকা পড়ে।
সান্তাহার স্টেশনের সুইচ কেবিন সূত্রে জানা যায়, প্রায় সাত ঘণ্টা বিলম্বে ৭৯৮ নম্বর নিম্নগামী কুড়িগ্রাম এক্সপ্রেস সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার জংশন স্টেশনে প্রবেশ করছিল। এ সময় ট্রেনটির সর্বশেষে থাকা লাগেজ ভ্যানটি লাইনচ্যুত হয়ে ব্রডগেজ ও মিটারগেজ লাইনের ওপর পড়ে। এতে স্টেশনের বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সান্তাহার রেলওয়ে স্টেশনের গ্রেড-১ স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, ট্রেনটি প্রায় সাত ঘণ্টা বিলম্বে চলাচল করছিল। সান্তাহার স্টেশনে প্রবেশের সময় রেলক্রসিং এলাকায় ট্রেনটির সর্বশেষ লাগেজ ভ্যানটি লাইনচ্যুত হয়। সিগন্যালের কোনো সমস্যা ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনটির যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
তিনি আরও জানান, লাইনচ্যুত লাগেজ ভ্যানটি কেটে আলাদা করে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশন ছেড়ে গেছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ভ্যানটি উদ্ধারের কাজ করবে। ভ্যানটি লাইন থেকে সরানো না পর্যন্ত রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।
সান্তাহার স্টেশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) শ্যামল চন্দ্র জানান, লাইনচ্যুত কামরা উদ্ধারে ক্যারেজ বিভাগের কর্মীরা কাজ করছেন। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পর পুরোদমে উদ্ধারকাজ শুরু হবে।