কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলায় পুকুরের পানিতে ডুবে জান্নাতি নামে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুল বাজার এলাকার ৫ নম্বর ওয়ার্ডে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত জান্নাতি ওই এলাকার বাসিন্দা মুকুল সানার মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় জান্নাতি। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। দ্রুত উদ্ধারের চেষ্টা ও প্রাথমিকভাবে প্রাণ বাঁচানোর চেষ্টা করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
জান্নাতির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে এলাকায় নেমে এসেছে গভীর শোক।