শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

কমলনগরে হাট-বাজারে স্বস্তি: প্রশাসনের টোল নির্ধারণে ভাঙছে সিন্ডিকেট

Reporter Name / ৩৭ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাট-বাজারগুলোতে দীর্ঘদিন ধরে চলে আসা সিন্ডিকেট বাণিজ্য ও অতিরিক্ত খাজনা আদায়ের নৈরাজ্য বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। আসন্ন ১৪৩৩ বাংলা সনের জন্য উপজেলার সকল হাট-বাজারের ইজারার টোল বা খাজনা আদায়ের একটি নির্দিষ্ট তালিকা সরকারিভাবে অনুমোদন করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে অনুমোদিত এ তালিকা অনুযায়ী, এখন থেকে নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত কোনো টাকা আদায় করা যাবে না। ফলে সাধারণ ক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বিভিন্ন পণ্যের ওপর স্পষ্ট খাজনা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত হার অনুযায়ী, প্রতি স্কয়ার ফুটে ৩ টাকা কিংবা শতকরা ৩-৪ টাকা, প্রতি দোকানে ২০ টাকা, মাংসের দোকানের জন্য ২০০ টাকা এবং মাছের ক্ষেত্রে শতকরা ৪ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

এছাড়া গরু, ছাগল বা মহিষ বিক্রির ক্ষেত্রে বিক্রেতার কাছ থেকে ১ শতাংশ এবং ক্রেতার কাছ থেকে ২ শতাংশ হারে খাজনা নেওয়া হবে। মালবাহী ট্রাকের জন্য ৭০ টাকা, পিকআপের জন্য ৪০ টাকা এবং ছোট গাড়ির জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। পান-সুপারি, শুঁটকি, জ্বালানি কাঠ ও মৃৎশিল্পের দোকানের জন্যও আলাদা সহনীয় হার নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় সাধারণ মানুষ ও খুচরা ব্যবসায়ীদের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী সিন্ডিকেট ইজারার দোহাই দিয়ে অতিরিক্ত টাকা আদায় করে আসছিল। নতুন এই নির্ধারিত তালিকার ফলে সেই অনিয়ম বন্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত তালিকার বাইরে কেউ অতিরিক্ত টোল দাবি করলে বা সাধারণ মানুষকে হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাটের দৃশ্যমান স্থানে টোল চার্ট টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) স্বাক্ষরিত এ আদেশ কার্যকর হওয়ার মাধ্যমে কমলনগর উপজেলার বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আসবে এবং সাধারণ মানুষ সিন্ডিকেটের কবল থেকে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর