খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ক্যহলাচিং মারমা
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ভার্চুয়ালি যুক্ত থেকে উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এমন উদ্যোগ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের মানসিক বিকাশ ঘটে এবং এখান থেকেই ভবিষ্যতে অনেক প্রতিভাবান খেলোয়াড় আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। একদিন তাদের সাফল্যে দেশসহ পুরো জাতি গৌরবান্বিত হবে।
শনিবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে উদ্বোধনী ফুটবল ম্যাচের শুভ সূচনা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ।
উদ্বোধনী ফুটবল (বালক-বালিকা) ম্যাচে মহালছড়ি উপজেলা বনাম মাটিরাঙ্গা উপজেলা অংশগ্রহণ করে।
এছাড়া খাগড়াছড়ির ৯টি উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভা থেকে বালক-বালিকা বিভাগে মোট ২০টি দল ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, কাবাডি, অ্যাথলেটিক্স, মার্শাল আর্ট ও সাঁতারসহ মোট ৮টি ইভেন্টে অংশ নিচ্ছে। প্রতিযোগিতা আগামী ১০ মে পর্যন্ত চলবে।





