রামগড়ে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ পালিত
মো. মাসুদ রানা
বিশেষ প্রতিনিধি, রামগড় (খাগড়াছড়ি)
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার (১ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে শেষ হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রামগড় থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভির আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, এনসিপির প্রধান সমন্বয়ক মো. হারুনুর রশিদ এবং রামগড় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলেও অনেক ক্ষেত্রেই তারা স্বাস্থ্য ঝুঁকি, নিরাপত্তাহীনতা এবং ন্যায্য মজুরি বঞ্চনার শিকার হচ্ছেন। কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
আলোচনায় শ্রমিক প্রতিনিধিরাও তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানান।
সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের অধিকার রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
বক্তারা আরও বলেন, টেকসই শিল্পায়নের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। সরকার, প্রশাসন ও সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগই পারে শ্রমিকবান্ধব সমাজ গড়ে তুলতে।


