আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন
আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলায় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ৯টায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে উপজেলা সদরের বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
একই দিনে সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর নেতৃত্বেও পৃথকভাবে শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে আরেকটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে সেখানে আলোচনা সভা আয়োজন করা হয়।
মে দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি এবং বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ছাতিয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সহ-সভাপতি কামরুল ইসলাম মধু, পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং শ্রমিকরা।
র্যালি ও আলোচনা সভা শেষে শ্রমিকদের অধিকার, দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মানবতার মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


