আব্দাহিয়ুর রহমান আপেল, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে খালের পানিতে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে আত্মগোপনের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তার।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নাগেশ্বরী থানার একটি দল জানতে পারে, এক মাদক কারবারি মোটরসাইকেলযোগে ফুলবাড়ী থেকে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রাম যাচ্ছেন। পরে পুলিশের একটি দল নাগেশ্বরী পৌরসভার ঠুটা পাইকর এলাকায় অবস্থান নেয়।
বিকেল সাড়ে ৫টার দিকে সন্দেহভাজন ওই ব্যক্তি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে ঠুটা পাইকর ব্রিজসংলগ্ন খালের পানিতে ঝাঁপ দেন। পরে তিনি কচুরিপানার নিচে আত্মগোপন করেন। প্রায় এক ঘণ্টা ধরে পুলিশ ও স্থানীয় লোকজনের তল্লাশির পর কচুরিপানার নিচ থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. মাহবুবুল (৩২)। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ গ্রামের নুর ইসলামের ছেলে।
পরে তার ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আটক মাহবুবুল একজন চিহ্নিত মাদক কারবারি।
এ ঘটনায় নাগেশ্বরী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নাগেশ্বরী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত নাগেশ্বরী গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।