সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত, বেশি দামে বিক্রি ও সরকারি সার বিক্রিতে অনিয়মের অভিযোগে পৃথক অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৬১ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডের পাশাপাশি সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম বাজারে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ছাতারদিঘী ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক নামে আরও এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বড়গ্রাম বাজারে সোহেল হোসেনের দোকান থেকে ৮ বস্তা সার জব্দ করে ১০ হাজার টাকা, আব্দুস সালামের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আবুল হাসেমের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ করে ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর ব্যবসায়ী মোবারকের কাছ থেকে ১৪৭ বস্তা সার জব্দ করে ৩০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পৃথক অভিযানে সরকারি সার বিক্রিতে অনিয়মের অভিযোগে আব্দুর রাজ্জাককে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ধারা ১২ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ধারা ১২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪০ অনুযায়ী এসব অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বেশি দামে বিক্রির মাধ্যমে কৃষকদের হয়রানি করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।