সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল কোর্ট ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের যৌথ অভিযানে ৫০০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলার বরাব এলাকায় একটি কয়েল ফ্যাক্টরিকে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ১ লাখ টাকা এবং চেঙ্গাইন কবরস্থান রোডসংলগ্ন এলাকায় হেনা ফুড বেকারিকে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় থাকা ৫০০টি আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার এবং তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী শবিউল আওয়ালের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যেসব এলাকায় অবৈধ সংযোগ বা অনুমোদনহীনভাবে গ্যাস ব্যবহারের তথ্য পাওয়া যাবে, সেসব এলাকায় অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।