মো. হোসেন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভাকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু করে চট্টগ্রাম জেলা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সাদেক, মো. কামরুল ও মো. হানিফ নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এর আগে বিভিন্ন মামলা রয়েছে।
পুলিশ জানায়, সীতাকুণ্ড থানার এলাকায় অভিযান চালিয়ে ১১টি ধারালো ছুরি, তিনটি কিরিচ ও ১৫টি লাঠি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি কাটা বন্দুকও উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, “সন্ত্রাসীদের কোনো ছাড় নেই। তারা যে দলেরই হোক, অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আরও যারা জড়িত, তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ জানিয়েছে, সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।