ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ঈদ ঘিরে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গের মানুষ। তবে বাসের অতিরিক্ত ভাড়া আর টিকিট সংকটের কারণে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের ঈদযাত্রা পরিণত হয়েছে চরম ঝুঁকিতে। শুক্রবার (২০ মার্চ) ঢাকা-যমুনা সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের কড্ডা, নলকা ও হাটিকুমরুল এলাকায় দেখা গেছে পণ্যবাহী ট্রাক ও পিকআপের ছাদে গাদাগাদি করে শত শত মানুষের ঘরে ফেরার দৃশ্য।সরেজমিনে দেখা যায়, বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেও টিকিট না পাওয়া এবং ভাড়া কয়েকগুণ বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে ট্রাকের ছাদ বেছে নিচ্ছেন দিনমজুর ও পোশাক শ্রমিকরা। রোদে পুড়ে, ধুলোবালি মেখে জীবনের ঝুঁকি নিয়ে নারী-শিশুরাও সামিল হয়েছেন এই অনিরাপদ যাত্রায়। পোশাককর্মী কুলসুম বলেন, “সামান্য আয়ে বাসের কয়েকগুণ ভাড়া দেওয়া অসম্ভব। তাই বাধ্য হয়ে ট্রাকে উঠেছি। বাড়ি না গেলে প্রিয়জনদের মুখ দেখব কীভাবে?”
সমাজকর্মী ও ‘দি বার্ড সেফটি হাউজ’-এর চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, রাষ্ট্রের নৈতিক দায়িত্ব এই মেহনতি মানুষগুলোর নিরাপদ যাত্রা নিশ্চিত করা। অন্যদিকে, হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, “ট্রাকের ছাদে যাত্রী পরিবহন সম্পূর্ণ বেআইনি। আমরা নজরদারি করছি, কিন্তু পরিবহন সংকট ও যাত্রীদের চাপে এটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে।”মহাসড়কে শৃঙ্খলা ও পর্যাপ্ত যানবাহনের অভাবে প্রতি বছরই শ্রমজীবী মানুষের এই আনন্দযাত্রা হয়ে উঠছে মৃত্যুর ঝুঁকি।