রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:
কুষ্টিয়া-২ আসনের একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। কেন্দ্রটি মিরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত।মঙ্গলবার(১০ ফেব্রুয়ারি)সকালে চুরির বিষয়টি টের পেয়ে স্কুল কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার ও সহকারী রিটানিং কর্মকর্তাকে জানায়। এ ঘটনায় মিরপুর থানায় সাধারণ ডায়েরী(জিডি) করা হয়েছে। সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে সিসি ক্যামেরা দুটি চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ ক্যামেরা না দেখে বিষয়টি জানতে পারেন। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে স্কুল কর্তৃপক্ষ চুরির বিষয়টি টের পেয়ে আমাকে জানায়। আগামীকাল (বুধবার) সকালে একই স্থানে আবারও নতুন করে ক্যামেরা প্রতিস্থাপন করা হবে। মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক থানায় সাধারণ ডায়েরী করেছেন। ক্যামেরা দুটি এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। কাউকে গ্রেপ্তারও সম্ভব হয়নি। ভেড়ামারা ও মিরপুর দুই উপজেলা মিলে কুষ্টিয়া-২ আসন। মিরপুর উপজেলায় ১১৪টি ভোট কেন্দ্র রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ১ জন। উল্লেখ্য গত পৌর নির্বাচনে এ ভোট কেন্দ্রে শতভাগ ভোট পোল হওয়ায় একাধিক প্রার্থীর মামলা আদালতে চলমান রয়েছে।