মো:মাসুদ রানা,বিশেষ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে চাকমা জাতি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডিএফ সমর্থিত এক স্বতন্ত্র প্রার্থীর ধর্ম জ্যোতি চাকমা প্রকাশিত মনগড়া ইশতেহারে রাষ্ট্রবিরোধী, বিতর্কিত ও বিভ্রান্তিকর “আধিবাসী” শব্দের ব্যবহার গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছে সিএইচটি সম্প্রীতি জোট। উক্ত শব্দচয়ন সংবিধানসম্মত রাষ্ট্রীয় পরিচয়, জাতীয় ঐক্য ও পার্বত্য চট্টগ্রামের শান্তিপূর্ণ সহাবস্থানের পরিপন্থী।
সিএইচটি সম্প্রীতি জোট মনে করে, নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে বিতর্কিত পরিভাষা ব্যবহার জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা এবং রাজনৈতিক ফায়দা হাসিলের কৌশল মাত্র। এ ধরনের বক্তব্য ও মনগড়া ইশতেহার পাহাড়ি অঞ্চলের দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করার ঝুঁকি তৈরি করে।
জোট আরও উল্লেখ করে যে, বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্রীয় নীতিমালার আলোকে নাগরিক পরিচয় ও অধিকার সুস্পষ্ট। সেগুলোকে পাশ কাটিয়ে বিভাজনমূলক শব্দ ও বক্তব্য প্রচার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রার্থী ও রাজনৈতিক শক্তির দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা সময়ের দাবি।
এ প্রেক্ষিতে সিএইচটি সম্প্রীতি জোট সংশ্লিষ্ট প্রার্থী ও তার সমর্থকদের প্রতি আহ্বান জানাচ্ছে—রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক শব্দচয়ন পরিহার করে সংবিধানসম্মত, বাস্তবভিত্তিক ও উন্নয়নমুখী ইশতেহার উপস্থাপন করুন। একই সঙ্গে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হচ্ছে—নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারী বক্তব্য ও ইশতেহারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের।
সিএইচটি সম্প্রীতি জোট দৃঢ়ভাবে বিশ্বাস করে, দায়িত্বশীল রাজনৈতিক চর্চা, পরিমিত ভাষা ও পারস্পরিক সম্মানই পারে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রকে সুসংহত করতে।