মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে জেলা পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বগুণ এবং দলগত চেতনা গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বক্তারা।
শনিবার (১৬ মে ) সকাল ১০টায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনের আগে অংশগ্রহণকারী বিভিন্ন উপজেলার বালক ও বালিকা দল বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয়। পরে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-৪) মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক স্তর থেকেই শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। খেলাধুলা শিশুদের মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে।
তিনি আরও বলেন, আজকের এই ক্ষুদে খেলোয়াড়রাই আগামী দিনে জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে। তাই তাদের প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষক ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ বিকাশের অন্যতম মাধ্যম। একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি শৃঙ্খলাবোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে সরকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করেছে। এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং শিশুদের সুস্থ বিকাশ ও আত্মবিশ্বাস বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।