শাহাদাৎ হোসেন চৌধুরী
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের মহজমপুর শাখা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও গ্রাহকরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর বাজারে কৃষি ব্যাংক শাখার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন লতিফ, সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ সরকার, জামপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. নাসিরউদ্দিন, ব্যবসায়ী মতিউর রহমান, আমিনুল ইসলাম চন্দন ও সোহেল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৮১ সালে স্থানীয় কৃষকদের দাবির প্রেক্ষিতে তৎকালীন সংরক্ষিত নারী সাংসদ গোলবদন বেগমের উদ্যোগে মহজমপুর বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের এ শাখা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এ অঞ্চলের কৃষকরা সহজ শর্তে কৃষিঋণ গ্রহণ করে কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তারা অভিযোগ করেন, বর্তমানে ব্যাংক কর্তৃপক্ষ শাখাটি প্রায় ৭ কিলোমিটার দূরে স্থানান্তরের পরিকল্পনা করছে, যা জামপুর, সাদিপুর ও নোয়াগাঁও ইউনিয়নের সাধারণ গ্রাহক ও কৃষকদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হবে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, প্রায় ১৫ হাজার গ্রাহক এ শাখার মাধ্যমে নিয়মিত লেনদেন করেন। এছাড়া বিভিন্ন ইউনিয়নের প্রবাসীরাও এ শাখার মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে থাকেন। ব্যাংকটি স্থানান্তর করা হলে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হবে। তাই অবিলম্বে স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
এ বিষয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক মহজমপুর শাখার ব্যবস্থাপক এস এম মাহমুদুল হাসান মন্ডল বলেন, “শাখাটি বর্তমানে ব্যবসায়িকভাবে লাভজনক এলাকায় নয়। এছাড়া এ অঞ্চলে প্রায় ৫৬ কোটি টাকার ঋণ বকেয়া রয়েছে। গত বছর শাখাটিতে প্রায় ৪ কোটি টাকার লোকসান হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শাখা স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।”