প্রভাষক গিয়াস উদ্দিন সরদার
বিশেষ প্রতিনিধি, পাবনা
পাবনার ভাঙ্গুড়ায় সিসিডিবি-সিপিআরপি জালালপুর, পাবনার সহযোগিতায় এবং ভাঙ্গুড়া উপজেলার শান্তিনগর মহিলা সমবায় সমিতির উদ্যোগে আলোচনা সভা ও কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ভাঙ্গুড়া পৌরসভার মাস্টারপাড়ায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা আলী আছগার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা সিসিডিবি ও সংশ্লিষ্ট সমবায় সমিতির এ কার্যক্রমকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
কৃষি মেলায় সমিতির সদস্যরা তাদের নিজ আঙিনায় সার ও কীটনাশক ছাড়াই উৎপাদিত হরেক রকম শাকসবজি ও ফলমূল প্রদর্শন করেন, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। নিরাপদ ও বিষমুক্ত কৃষিপণ্যের এই প্রদর্শনী স্থানীয় কৃষকদের অনুপ্রাণিত করে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানের এক পর্যায়ে তিনজন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় নারী উন্নয়ন, সমবায় কার্যক্রম সম্প্রসারণ এবং টেকসই কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মাজেদা খাতুন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাঙ্গুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সিসিডিবি-সিপিআরপি জালালপুর পাবনার এরিয়া ম্যানেজার রিচার্ড দোবে, প্রোগ্রাম অফিসার পাত্রাস মুর্মু, সিসিডিবি এমএফপি ভাঙ্গুড়া শাখার শাখা ব্যবস্থাপক ইন্দ্রজিত রায়, সিসিডিবির ভাঙ্গুড়া উপজেলা নেটওয়ার্ক কমিটির সভানেত্রী সাধনা রাণী, সম্পাদিকা মালা রাণী এবং শান্তিনগর মহিলা সমবায় সমিতির সভানেত্রী আইরিন খাতুনসহ সমিতির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয় পর্যায়ে কৃষি উন্নয়ন ও নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।