মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকা মনি বেগমকে হত্যার দায়ে সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় স্ত্রী ও ছয় মাস বয়সী শিশুসন্তানকে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক ২০১৭ সালের আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সালাউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা (পাবই) এলাকায় পারিবারিক বিরোধ ও কথা-কাটাকাটির জেরে স্ত্রী রায়না বেগম এবং তাঁদের ছয় মাস বয়সী শিশুসন্তানকে গুরুতর আঘাত করে হত্যাচেষ্টা চালান সালাউদ্দিন। এ সময় বোন রায়না বেগমকে রক্ষা করতে এগিয়ে এলে শ্যালিকা মনি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই মনি বেগমের মৃত্যু হয়।
রায় ঘোষণার পর মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, এ রায়ের মাধ্যমে বাদীপক্ষ সুবিচার পেয়েছে।
দীর্ঘ প্রায় সাড়ে নয় বছর পর মামলার রায় ঘোষণায় স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্ট মহল সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এ রায়ের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।