
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুটি ইটভাটাকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ইটভাটার চিমনি ও কিলন আংশিক ভেঙে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফের নেতৃত্বে উপজেলার সারটিয়া ও লাঙ্গলশিমুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা পুলিশ, আনসার এবং পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন প্রসিকিউশন প্রদান করেন।
অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী দুটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে সারটিয়া এলাকার মেসার্স যমুনা ব্রিকসকে ৫০ হাজার টাকা এবং লাঙ্গলশিমুল এলাকার মেসার্স ফাইভ স্টার ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ছাড়া মেসার্স যমুনা ব্রিকসের চিমনি ও কিলন আংশিক ভেঙে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, ময়মনসিংহ জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।