কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষকদের ভ্রমণ ভাতার অর্থ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২৪ সালের ভ্রমণ ভাতার দুটি পৃথক বিলে তিন শিক্ষক নেতার নামে মোট ৯২ হাজার ৯০০ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। একই ব্যক্তির নামে একাধিক ব্যাংক হিসাব ব্যবহার করে ভাতার অর্থ উত্তোলনের অভিযোগও রয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ ও বঞ্চিত কয়েকজন প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ভ্রমণ ভাতার জন্য ১৮৬ জনের নামে ২ লাখ ৬৫ হাজার ৫০০ টাকার একটি বিল প্রস্তুত করা হয়। ওই বিলে ১৩১টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ টাকা করে ভ্রমণ ভাতা দেওয়া হয়। তবে একই বিলে তিন শিক্ষক নেতা এ. এন. মাহমুদ শরীফ, রবিউল ইসলাম ও হেদায়েত হোসেনের নামে ১৮ হাজার টাকা করে মোট ৫৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
অন্যদিকে, একই তারিখে একই খাত থেকে পৃথক আরেকটি বিল করা হয়। সেখানে এ. এন. মাহমুদ শরীফ ও রবিউল ইসলামের নামে আরও ৩৮ হাজার ৯০০ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, দ্বিতীয় বিলের অর্থ উত্তোলনে ওই দুই শিক্ষক নেতার পৃথক ব্যাংক হিসাব ব্যবহার করা হয়েছে।
দুটি বিল মিলিয়ে ওই তিন শিক্ষক নেতার নামে মোট ৯২ হাজার ৯০০ টাকা ভ্রমণ ভাতা উত্তোলন করা হয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন। অথচ ১৭৫টি বিদ্যালয়ের জন্য ভ্রমণ ভাতার মোট বরাদ্দ ছিল ৩ লাখ ৪ হাজার ৪০০ টাকা। ফলে মোট বরাদ্দের উল্লেখযোগ্য অংশ তিনজনের নামে যাওয়ায় অন্যান্য শিক্ষকের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
অভিযোগকারীদের আরও দাবি, দূরত্বের অজুহাতে ৪১টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ভ্রমণ ভাতা দেওয়া হয়নি। অথচ উপজেলা পরিষদ চত্বর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল ইসলাম ভাতা পেয়েছেন। এতে ভাতা বণ্টনের ক্ষেত্রে দূরত্ব ও প্রাপ্যতার নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি বিধি অনুযায়ী মাসিক সমন্বয় সভায় অংশ নিতে বিদ্যালয় থেকে সভাস্থলে যাতায়াতের জন্য প্রধান শিক্ষকদের নির্ধারিত শর্ত ও নিয়ম অনুসারে ভ্রমণ ভাতা দেওয়া হয়। এ ক্ষেত্রে বিদ্যালয় থেকে সভাস্থলের দূরত্ব, বেতনসহ প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে বিল প্রস্তুত করার কথা। পরে অনুমোদিত অর্থ সংশ্লিষ্ট শিক্ষকদের ব্যাংক হিসাবে পাঠানোর নিয়ম রয়েছে।
তবে অভিযোগকারীদের দাবি, ২০২৪ সালের ভ্রমণ ভাতার বিল তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ ও কয়েকজন শিক্ষক নেতার যোগসাজশে ম্যানুয়ালি প্রস্তুত করা হয়েছিল। এতে স্বচ্ছতা ও নিয়ম অনুসরণের ঘাটতি ছিল।
ভ্রমণ ভাতা থেকে বঞ্চিত একাধিক প্রধান শিক্ষক অভিযোগ করে বলেন, শিক্ষক নেতাদের প্রভাবের কারণে উপজেলা শিক্ষা অফিসে একটি শক্তিশালী বলয় তৈরি হয়েছে। শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগসাজশে বিভিন্ন ভাতার অর্থ বিতরণে অনিয়ম করা হয়েছে। তাঁরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে সরঞ্জাবাড়ী বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা এ. এন. মাহমুদ শরীফ বলেন, “দুটি ব্যাংক হিসাবে কেন ভাতা দেওয়া হয়েছে, তা তৎকালীন শিক্ষা কর্মকর্তা বলতে পারবেন। আমি বিধি মোতাবেক ভাতা উত্তোলন করেছি।”
মাগুড়া মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা রবিউল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কথা বলবেন জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ বিষয়ে তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, “রেকর্ডপত্র না দেখে এ বিষয়ে কিছু বলতে পারব না।” তবে একজন সরকারি চাকরিজীবী দুটি ব্যাংক হিসাব ব্যবহার করতে পারেন বলে তিনি দাবি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, ভ্রমণ ভাতা বণ্টনে অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত, বিল ও ব্যাংক হিসাব যাচাই এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভাতা থেকে বঞ্চিত প্রধান শিক্ষকরা।