রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মহিষাখোলা গ্রামের সামসুদ্দিন আহমেদের ছেলে উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম (৫৯), কুরিপোল গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান ওরফে নাছিম (৫২), তেঘরিয়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি বেনজির আহমেদ পলাশ (৪১), মজিহাট গ্রামের মৃত তানজেল মালিথার ছেলে কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আনারুল মালিথা (৪৮), আমলা উত্তরপাড়া গ্রামের ইব্রাহিম ওরফে চলনের ছেলে আমলা ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য নাজিম উদ্দিন (১৯)। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী। দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে জানিয়েছেন পুলিশ। তাদের বিরুদ্ধে মিরপুর থানায় পূর্বের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন ও নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, গ্রেফতার পাঁচ আসামিকে কুষ্টিয়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিরপুর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।