
ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরির ঘটনায় দায়ের করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। এ সময় চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-১২-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবি-১২-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৯ জুন রাত ২টার দিকে তাড়াশ উপজেলার মো. তায়বুর রহমান রিপনের গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরি করে একটি মিনি ট্রাকে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি বাদী হয়ে তাড়াশ থানায় মামলা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তাড়াশ উপজেলার শালিয়াগাড়ি গ্রামের জহুরুল ইসলাম (৪১) ও মঙ্গলবাড়িয়া গ্রামের ফরমান আলী (৩৮), বগুড়ার শেরপুর উপজেলার রাশেদুল ইসলাম (৩৬), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নান্নু সরদার (৪৮), জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মো. আনাছ (২০) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মো. সোহাগ (৩০)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া আদর্শ গ্রাম ও কামারখন্দ উপজেলার মেঘাই ভদ্রঘাট সাতাশপাড়া এলাকা থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা গরুসহ গ্রেপ্তার ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।