পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিটির চারটি আসন পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেন চলাচলও স্বাভাবিক ছিল।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে মোহনগঞ্জ স্টেশনে ট্রেনটির ‘ঢ’ নম্বর বগিতে আগুন দেখতে পান রেলওয়ের কর্মীরা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে আন্তঃনগর হাওর এক্সপ্রেস। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর রেলকর্মীরা বগিটিতে ধোঁয়া দেখতে পান। পরে ভেতরে আগুন জ্বলতে দেখে দ্রুত তা নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেন। আগুনে বগিটির ৪, ৫, ১০ ও ১১ নম্বর আসন পুড়ে যায়।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম জানান, ঘটনার সময় স্টেশনে দায়িত্বে ছিলেন স্টেশনমাস্টার এ এন এম নুরুল আমিন চৌধুরী। তিনি স্টেশনে থাকা লোকজন ও পাশের মসজিদের মুসল্লিদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে চারটি আসন পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনের সময়সূচিও স্বাভাবিক ছিল।
জহিরুল ইসলাম আরও জানান, এর আগে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় রাত সোয়া ১টার দিকে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে সোমবার রাত ১০টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
একই রাতে রেললাইন, ট্রেনের বগি ও সাবেক সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের এসব ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।