দেলোয়ার হোসেন লাইফ, নাটোর
দীর্ঘদিন ধরে মানুষের দুঃখ-দুর্দশা ও অসহায়ত্বের খবর তুলে ধরেছেন তিনি। মানুষের বিপদ-আপদের কথা পৌঁছে দিয়েছেন প্রশাসন ও সমাজের কাছে। অথচ আজ নিজের জীবন বাঁচানোর আকুতি জানাতে হচ্ছে সেই সাংবাদিককেই। গুরুতর কিডনি রোগ ও স্ট্রোকজনিত জটিলতায় আক্রান্ত বৈশাখী টেলিভিশন ও দৈনিক মানবজমিনের নাটোর জেলা প্রতিনিধি ইসাহাক আলী উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চান। কিন্তু জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের জটিলতায় আটকে আছে তাঁর চিকিৎসার প্রস্তুতি।
একদিকে ক্রমেই অবনতিশীল শারীরিক অবস্থা, অন্যদিকে প্রয়োজনীয় কাগজপত্র সংশোধনের দীর্ঘ প্রক্রিয়া—সব মিলিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাঁর।
গত রোববার (৮ নভেম্বর) রাতে ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন ইসাহাক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর আকুল আবেদন, মানবিক দিক বিবেচনায় নিয়ে দ্রুত যেন সমস্যার সমাধান করা হয়।
ইসাহাক জানান, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন তিনি। গত তিন বছর ধরে স্ট্রোকজনিত জটিলতাও রয়েছে। বর্তমানে তাঁর রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা ১০-এর কাছাকাছি। একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। প্রায় সাত দিন আইসিইউতেও চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিলেও পরিচয়সংক্রান্ত কাগজপত্রের জটিলতায় তা অনিশ্চিত হয়ে পড়েছে।
জন্মপরিচয়ের ভিন্নতায় দাপ্তরিক জটিলতা
ইসাহাকের জন্মের পর থেকে বড় চাচা আলতাফ হোসেন ও চাচি সালেহা বেগমের কাছে বড় হয়েছেন। তাঁদেরই নিজের বাবা-মা হিসেবে জেনে এসেছেন তিনি। পরবর্তী সময়ে জানতে পারেন, তাঁর জন্মদাতা বাবা মেজ চাচা সুলতান মাহমুদ এবং মা কমলা বেগম।
জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয়পত্রে রয়েছে যাঁদের কাছে বড় হয়েছেন, সেই বাবা-মায়ের নাম। অন্যদিকে জমিজমার দলিলে রয়েছে জন্মদাতা বাবার নাম। পরিচয়ের এই ভিন্নতার কারণে বিভিন্ন দাপ্তরিক কাজে জটিলতায় পড়তে হচ্ছে তাঁকে।
সমাধানের আশায় জন্মনিবন্ধন সংশোধন ও প্রয়োজনীয় হলফনামা সম্পন্ন করেছেন। উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তারা সরেজমিন তদন্ত করে তথ্য সংগ্রহ করেছেন। শিক্ষাগত সনদ সংশোধনের আগে অন্য কোথাও তা ব্যবহার করবেন না—এমন অঙ্গীকারনামাও নির্বাচন কমিশনে জমা দিয়েছেন তিনি।
এরপরও কাটেনি জটিলতা। ইসাহাক জানান, গত রোববার নির্বাচন কমিশন থেকে তাঁকে খুদে বার্তা পাঠিয়ে ১৫ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি সনদে নাম সংশোধন করে জমা দিতে বলা হয়েছে।
১৫ দিনে সনদ সংশোধন কি সম্ভব?
শিক্ষাগত সনদ সংশোধনে তাঁর আপত্তি নেই। তবে শিক্ষা বোর্ডের নির্ধারিত প্রক্রিয়ায় মাত্র ১৫ দিনের মধ্যে সংশোধিত সনদ পাওয়া সম্ভব নয় বলে মনে করেন তিনি।
ফেসবুক লাইভে ইসাহাক জানান, তাঁর পালিত বাবা বর্তমানে শয্যাশায়ী। জন্মদাতা বাবাও পক্ষাঘাতগ্রস্ত। নিজেও এতটাই অসুস্থ যে অ্যাম্বুলেন্স ছাড়া চলাচল করতে পারেন না।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর উপপরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ডস) মো. মঞ্জুর রহমান খান বলেন, শিক্ষাগত সনদে বাবা-মায়ের নাম সংশোধন সময়সাপেক্ষ বিষয়। ১৫ দিনের মধ্যে তা করা সম্ভব নয়।
রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, শিক্ষাগত সনদ সংশোধন করে আবেদন করতে হবে। তবে ১৫ দিনের মধ্যে সনদ সংশোধন সম্ভব নয় বলে জানানো হলে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি।
কাগজপত্রের অপেক্ষায় যেন আটকে না থাকে চিকিৎসা
ইসাহাকের দাবি, তাঁর শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনায় ইতিমধ্যে সম্পন্ন হওয়া তদন্ত ও জমা দেওয়া নথিপত্রের ভিত্তিতে এনআইডি সংশোধনের জটিলতা দ্রুত নিরসন করা হোক। সংশোধিত সনদ হাতে পাওয়ার আগেই চিকিৎসার প্রয়োজনে পাসপোর্টসহ প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করার কোনো আইনসম্মত বিকল্প ব্যবস্থা রয়েছে কি না, তা বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।
দীর্ঘদিন যিনি অন্যের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন, আজ তাঁর নিজের অসহায়ত্বই যেন বড় হয়ে উঠেছে। পরিবারের অসুস্থ সদস্যদের পাশাপাশি নিজের জীবন বাঁচানোর লড়াইয়ে প্রতিটি দিন কাটছে অনিশ্চয়তায়।
ফেসবুক লাইভে কান্নাজড়িত কণ্ঠে ইসাহাকের আকুতি, “আমি বাঁচতে চাই, চিকিৎসা নিতে চাই। পরিবারের কাছে ফিরে স্বাভাবিকভাবে বাকি জীবনটুকু কাটাতে চাই।”
তাঁর স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানবিক দিক বিবেচনায় নিয়ে দ্রুত আইনসম্মত সমাধানের পথ বের করবেন। কারণ, কাগজপত্র সংশোধনের প্রক্রিয়া নিয়ম মেনেই চলতে পারে; কিন্তু সেই দীর্ঘ অপেক্ষায় যেন একজন গুরুতর অসুস্থ মানুষের জরুরি চিকিৎসার সুযোগ হারিয়ে না যায়। তাঁর কাছে এখন প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ।