রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
গত ১৭ বছরে দেশের রাজনৈতিক ইতিহাস বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। বিশেষ করে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের প্রকৃত ইতিহাস আড়াল করার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহাসিক ঘটনাগুলোর বস্তুনিষ্ঠ তথ্য সংরক্ষণের আহ্বান জানান তিনি।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমাম কাদের চৌধুরী বলেন, বিগত ১৭ বছরে দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাস বিকৃত করা হয়েছে। বিশেষ করে ৭ নভেম্বরের তাৎপর্য ও সিপাহী-জনতার বিপ্লবের প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম যেন সঠিক ইতিহাস জানতে পারে, সে জন্য ঐতিহাসিক ঘটনাগুলোর নির্ভরযোগ্য তথ্য সংরক্ষণ করা জরুরি।
৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়াও একটি বিপ্লব। ১৯৭৫ সালের বিপ্লব সেনাবাহিনীর নেতৃত্বে সংঘটিত হয়েছিল, আর এবার ছাত্র-জনতার নেতৃত্বে পরিবর্তন এসেছে। এসব ঘটনার ইতিহাসও যথাযথভাবে লিখে রাখা প্রয়োজন, অন্যথায় সময়ের সঙ্গে ইতিহাসের তথ্য পরিবর্তিত হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটির প্রথম প্রহরে রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান হুমাম কাদের চৌধুরী।
এ সময় তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। দিনটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা উল্লেখ করে তিনি তাঁর আদর্শ ও দেশপ্রেম ধারণ করে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় ঐক্য ও সংহতি বজায় রেখে দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শ্রদ্ধা নিবেদনকালে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।