নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘি গ্রামের একটি পরিত্যক্ত ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গ্রামের মাঠে কাজ করার সময় এক কৃষক ডোবার পানিতে একটি লাশ ভাসতে দেখেন। পরে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তারা নাসিরনগর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, দীর্ঘ সময় পানিতে থাকায় লাশটি পচে অর্ধগলিত হয়ে গেছে। শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সেগুলো একত্র করে বস্তাবন্দি অবস্থায় থানায় নেওয়া হয়। তবে এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
লাশের পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) জাহান ই আলম বলেন, অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, গ্রামের পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় বাঘি গ্রামসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।