মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখাকে কেন্দ্র করে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে এসব স্লোগান লিখতে দেখা গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে জেলা প্রশাসকের নির্দেশে বিদ্যালয় কর্তৃপক্ষ দেয়ালে লেখা স্লোগানগুলো মুছে ফেলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম জানান, এ ঘটনায় জড়িত ছাত্রীদের অভিভাবকদের ডেকে আলোচনা করা হবে। পরবর্তীতে সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চুয়াডাঙ্গা সদর থানার তদন্ত কর্মকর্তা হিমেল রানা বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।