জামালপুর প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় র্যাব ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, সরকারি খাদ্যবান্ধব ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির চাল অবৈধভাবে মজুত করে বাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এবং উপজেলা প্রশাসন যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ব্যবসায়ী সাজেলের গুদাম থেকে ৪৬ বস্তা চাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা।
অভিযানের সময় টের পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী সাজেল ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সরকারি চাল অবৈধভাবে মজুত করে খোলা বাজারে বিক্রির চেষ্টা করা হচ্ছে। জনস্বার্থে র্যাব ও প্রশাসনের যৌথ অভিযানে ৪৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। পলাতক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সরকারি সম্পদ আত্মসাৎ ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
জব্দকৃত চাল বর্তমানে সরকারি হেফাজতে রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।