সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত এক কিশোরীর শরীরে গরম পানি ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় আফরিন আক্তার (১৩) নামের ওই কিশোরী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় কিশোরীর মা রওশন আরা সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের বাসিন্দা রওশন আরার সঙ্গে প্রতিবেশী সোনিয়া আক্তারসহ কয়েকজনের জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে অভিযুক্তরা বিভিন্ন সময় তাঁদের পরিবারকে খুন-জখমের হুমকি দিয়ে আসছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে রওশন আরা ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। এ সময় অভিযুক্তরা বাড়িতে ঢুকে শয়নকক্ষে ঘুমিয়ে থাকা আফরিনের শরীরে গরম পানি নিক্ষেপ করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার কোমরসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা আফরিনকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
অভিযোগে অভিযুক্ত হিসেবে সোনিয়া আক্তার (৩৫), তাঁর স্বামী জাকির হোসেন, মো. মোস্তফা (৪৫), তাঁর স্ত্রী শিলা আক্তার (৪০) এবং জাকির হোসেন (৩৮)-এর নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের সবার বাড়ি পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’