খ. জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি নাসিরনগর উপজেলা সদরের গৌর মন্দির, ফান্দাউক গৌরশংকর জিউ মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং পূজার্থী ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে এমপি এম এ হান্নান বলেন, “নাসিরনগর একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উপজেলা। এখানকার মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন।”
তিনি বলেন, ধর্মীয় পরিচয় যেন কোনোভাবেই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করে। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তুলতে হবে। দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদ্যাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এম এ হান্নান আরও বলেন, “সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় জেলা পূজা উদ্যাপন মনিটরিং সেলের আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আযম খান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আযম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে এমপি এম এ হান্নান সনাতন ধর্মাবলম্বীসহ সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি নাসিরনগরবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।