মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে জেলার মুন্সিপুর সীমান্তে এ অভিযান পরিচালনা করে ৬ বিজিবির মুন্সিপুর বিওপির একটি টহলদল।
বিজিবি সূত্রে জানা যায়, ৬ বিজিবির হাবিলদার মো. আল আমিনের নেতৃত্বে টহলদলটি সীমান্তের প্রধান পিলার ৯৩ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর গ্রামের কবরস্থানের পাশ থেকে মো. দবির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি ওই এলাকার দলিল উদ্দিনের ছেলে।
পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ৭০০ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় আটক দবির উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।