রাজশাহী প্রতিনিধি:
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।
তিনি বলেন, কন্যাশিশুরা সমাজের বোঝা নয়, বরং দেশের সম্পদ। তাদের মানসম্মত শিক্ষা, নিরাপত্তা ও সুস্থ বিকাশ নিশ্চিত করা গেলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, কন্যাশিশুর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সচেতনতা বাড়াতে হবে এবং দিবসের প্রতিপাদ্যের বার্তা প্রতিটি পরিবারে পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। এ ছাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, সমাজকর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার সুরক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।