ফিরোজ আল আমিন
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. রতন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ভাতাহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রতন ওই গ্রামের রহিম বক্সের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।
পরিবারের সদস্যরা জানান, ভোররাত ৩টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রতন। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ দেখতে পান তাঁর মা। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রায়গঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা রহিম বক্স জানান, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে অসংলগ্ন আচরণ ও মারধর করতেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগও করা হয়েছিল।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।