পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতনের অপসারণ, অভিযোগের তদন্ত ও দ্রুত পূর্ণাঙ্গ অধ্যক্ষ নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। শিক্ষার পরিবেশের অবনতি, ধারাবাহিক ফলাফল বিপর্যয় এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে রোববার (৪ অক্টোবর) সকালে কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
একই দিন ভোররাতে কলেজের অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় কলেজজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
রোববার সকাল ১০টার দিকে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু হয়। পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় আন্দোলনকারীরা উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতনের অপসারণ এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত দাবি করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, কলেজে শিক্ষার সার্বিক পরিবেশ ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। প্রতিবছর পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটলেও তা উত্তরণে কার্যকর প্রশাসনিক উদ্যোগ নেওয়া হচ্ছে না। পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এসব কারণে শিক্ষার্থীদের একটি অংশ কলেজে ভর্তি না হয়ে শহরমুখী হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের।
সম্প্রতি অধ্যাপক মোহাম্মদ আকবর আলীকে কলেজটির অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলেও যোগদানের এক দিনের ব্যবধানে তার পদায়ন বাতিল হওয়ায় বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসা উপাধ্যক্ষকে সরিয়ে দ্রুত একজন পূর্ণাঙ্গ অধ্যক্ষ নিয়োগ দিতে হবে।
আন্দোলনকারীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে, রোববার ভোররাত ৩টার দিকে কলেজের অধ্যক্ষের কক্ষের দরজায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। কলেজের নৈশপ্রহরী মাফিজ উদ্দিন জানান, হেলমেট পরা দুই ব্যক্তি অধ্যক্ষের কক্ষের দরজায় আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তিনি আগুন নিয়ন্ত্রণে আনেন।
কলেজ সূত্রে জানা গেছে, সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকায় আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। আন্দোলনকারীদের দাবি, তাদের চলমান কর্মসূচিকে বিতর্কিত বা ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে কোনো মহল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
অন্যদিকে, বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
তবে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেছেন উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ষড়যন্ত্র করছে। অধ্যক্ষের কক্ষে অগ্নিসংযোগের ঘটনাকে তিনি একটি সরকারি প্রতিষ্ঠানের ওপর ন্যক্কারজনক হামলা হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও জানান, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসন ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
পূর্বধলা থানার পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পূর্বধলা ডিগ্রি কলেজটি ২০১৮ সালের ৮ আগস্ট জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর দীর্ঘদিন ধরে উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
গত ২৭ সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ আকবর আলীকে কলেজটির অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। তিনি ৩০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তবে এক দিনের ব্যবধানে তার পদায়ন বাতিল হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।