প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) দুপুর ২টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মমতাজ খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মওলানা মোঃ আলী আছগার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক সরদার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হালিম মাযহার, ভাঙ্গুড়া পৌরসভা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম কমিশনার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম বাহার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম বিদ্যুৎসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য মওলানা মোঃ আলী আছগার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “দেশ গড়া ও নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভালো লেখাপড়ার কোনো বিকল্প নেই। নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ সুন্দর করতে হলে মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আর মানুষের মতো মানুষ হতে হলে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। ভালো শিক্ষাই একজন শিক্ষার্থীকে মেধাবী ও সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।”
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান বলেন, “মেধাবী হতে চাইলে শিক্ষার্থীদের অবশ্যই নিয়মিত ও মনোযোগসহকারে পড়াশোনা করতে হবে। শিক্ষার বিকল্প কোনো পথ নেই।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে এবং শৃঙ্খলার মধ্যে থেকে অধ্যয়ন চালিয়ে যেতে হবে। তাহলেই একজন শিক্ষার্থী জীবনে সফলতা অর্জন করতে পারবে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সবশেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।