মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা শহরের বড়বাজার থানামোড় এলাকায় মাথাভাঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে পিবিআইয়ের সহায়তায় ফিঙ্গারপ্রিন্ট যাচাই করে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. মাইজ উদ্দিন (প্রায় ৫৫)। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ এলাকার রসুলবাগের বাসিন্দা মো. শামসু উদ্দিন ও নাজমা বেগমের ছেলে। মরদেহ উদ্ধারের সময় তার পরনে কালো রঙের টি-শার্ট ছিল।
প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় পিবিআই ঝিনাইদহ কার্যালয়ের বিশেষ দলকে সহায়তার জন্য ডাকা হয়। পরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও যাচাই করে তার পরিচয় নিশ্চিত করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পিবিআই ঝিনাইদহ টিমের সহযোগিতায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।