ফিরোজ আল আমিন
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই ট্রাকচালক নিহত হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দিনাজপুর সদর উপজেলার গুড়গোলা প্রাণনাথপুর এলাকার মো. আপন ইসলাম (২৬) এবং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মো. আসলাম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মহাসড়কের পাশে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। পরে ট্রাকটির চালকসহ দুইজন সেটি মেরামতের কাজ করছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুতগতির ‘আলিশা পরিবহন’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের পাশে থাকা দুই চালক গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মহাসড়কের পাশে বিকল ট্রাকটি মেরামতের সময় দ্রুতগতির একটি বাস সেটিকে ধাক্কা দিলে দুই ট্রাকচালক গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার সাহা জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ বাসটি জব্দ করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ময়নাতদন্ত শেষে নিহত দুই ট্রাকচালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক বাসচালক ও হেলপারকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।
দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।