পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের দায়ের কোপে মো. আলাই মিয়া (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে মো. ইয়াছিন মিয়া (২০)কে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আশকিপাড়া এলাকায় নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলাই মিয়া ওই গ্রামের মৃত কুন্ডু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। কয়েক দিন ধরে তিনি হতাশাগ্রস্ত ছিলেন এবং পারিবারিক নানা টানাপোড়েনের কারণে প্রায় দুই দিন ধরে খাওয়া-দাওয়া বন্ধ রেখেছিলেন। বুধবার সকালে বাবা আলাই মিয়া ছেলেকে খাবার খাওয়ার জন্য ডাকলে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
একপর্যায়ে বাবা ছেলেকে ধমক দিলে ইয়াছিন ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বঁটি দিয়ে আলাই মিয়ার ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে ইয়াছিনকে আটক করে পুলিশে খবর দেন।
পরে গুরুতর আহত অবস্থায় আলাই মিয়াকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াছিন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ইয়াছিন মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।