সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পশুখাদ্য বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন কাঁচপুর বাজারে অভিযান চালিয়ে চারটি ফার্মেসির বিরুদ্ধে মামলা করে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম। অভিযানে পশুখাদ্য বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় আফনান ট্রেডার্সের মালিককে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ৪(২০) ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাম্মৎ নইফা বেগম, সহকারী কমিশনারের পেশকার মো. বায়েজিদ, সোনারগাঁ থানার এসআই হারুনসহ পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অন্যদিকে, একই দিন বিকেল ৫টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর বাজারে ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আইন ও বিধিবিধান না মানার অভিযোগে চারটি ফার্মেসির বিরুদ্ধে মামলা করা হয় এবং মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। এ সময় নারায়ণগঞ্জ জেলার ওষুধ তত্ত্বাবধায়ক এবং সোনারগাঁ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, ফার্মেসি মালিকদের আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত ওষুধ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আইনবহির্ভূত কার্যক্রমের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
এদিকে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টের মাসিক প্রতিবেদন অনুযায়ী, আগস্ট মাসে সোনারগাঁয়ে ২০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মামলাগুলোতে মোট ১২ লাখ ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এছাড়া অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় একজনকে তিন দিনের কারাদণ্ড এবং জরিমানা অনাদায়ে অপর একজনকে এক দিনের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা, সরকারি সম্পত্তি সুরক্ষা এবং বিভিন্ন অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, জনস্বার্থ রক্ষা, সরকারি সম্পত্তি সুরক্ষা এবং অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের ধারাবাহিক অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জনদুর্ভোগ কমানোর পাশাপাশি অনিয়ম নিয়ন্ত্রণ ও সরকারি সম্পত্তি সুরক্ষা আরও কার্যকর হবে।