ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৪ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে গৌরীপুর থানার রামগোপালপুর বাজার এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান এলাকার বিপ্লব বাড়াইক (২৫) এবং একই উপজেলার হাপটা হাওড় এলাকার মো. নাহিদুল ইসলাম ওরফে মো. ইমরান হোসেন সুমন (২৩)।
অভিযানকালে তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আজগর আলী বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।