লংগদু প্রতিনিধি:
‘রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির লংগদুতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় লংগদু উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন।
লংগদু উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াসিফ রহমান, উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. আসিফ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমাসহ উপজেলার প্রান্তিক মৎস্যচাষিরা।
এর আগে উপজেলা মৎস্য পুকুরে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
অনুষ্ঠানে বক্তারা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ মাছ উৎপাদনে মৎস্যচাষিদের আরও সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।