মোঃ হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি
‘স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মৎস্যচাষী ও উদ্যোক্তাদের পুরস্কার প্রদান এবং মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশীয় প্রজাতির মাছের বিলুপ্তি রোধে সবাইকে আরও সচেতন হতে হবে। পাশাপাশি জলাশয়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। মৎস্য খাতে বিশেষ অবদান রাখার জন্য সফল চাষিদের পুরস্কৃত করা হচ্ছে বলেও তিনি জানান।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ বলেন, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্য পোনা অবমুক্তকরণ, মৎস্য খাতে সরকারের অগ্রগতি ও সাফল্যবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, মাছ চাষে উদ্যোক্তাদের পরামর্শ প্রদান এবং পুকুরের মাটি ও পানি পরীক্ষা করাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্লোল বড়ুয়া, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আলতাফ হোসেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী ও উদ্যোক্তারা।
অনুষ্ঠানের শেষপর্বে মৎস্য খাতে অবদান রাখার জন্য নির্বাচিত সফল মৎস্যচাষী ও উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।