মকবুল হোসেন
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
সারাদেশের সঙ্গে একযোগে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৩৯ শতাংশ। এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
ময়মনসিংহ শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর বোর্ডের অধীনে মোট ১ লাখ ৯ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫ হাজার ২৮ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৩ হাজার ৮৭৭ জন এবং ছাত্রী ৫১ হাজার ১৫১ জন।
এবার মোট ৬০ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ২৮ হাজার ৩৭২ জন, যা মোট ছাত্র পরীক্ষার্থীর ৫২ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে ছাত্রী কৃতকার্য হয়েছে ৩১ হাজার ৯০২ জন, যা ৬২ দশমিক ৩৭ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্ত ৫ হাজার ৭০০ শিক্ষার্থীর মধ্যে ছাত্র ২ হাজার ৬২১ জন এবং ছাত্রী ৩ হাজার ৭৯ জন। অর্থাৎ জিপিএ-৫ অর্জনেও ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি।
এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ১৮৮টি কেন্দ্রে ১ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
জেলায় জেলায় পাসের হার
ময়মনসিংহ বিভাগের চার জেলার মধ্যে এবার সর্বোচ্চ পাসের হার নেত্রকোনা জেলায়। এ জেলায় ৬০ দশমিক ৪৯ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।
এ ছাড়া ময়মনসিংহ জেলায় পাসের হার ৫৭ দশমিক ৮০ শতাংশ, জামালপুরে ৫৫ দশমিক ৬০ শতাংশ এবং শেরপুরে ৫৫ দশমিক ৪১ শতাংশ।
বিজ্ঞান বিভাগে পাসের হার বেশি
শাখাভিত্তিক ফলাফলেও পার্থক্য দেখা গেছে। বিজ্ঞান বিভাগে ৭১ দশমিক ৮৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। মানবিক বিভাগে পাসের হার ৪৬ দশমিক ১২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৮ দশমিক ৯১ শতাংশ।
শতভাগ পাস ১০ প্রতিষ্ঠানে, শতভাগ ফেল ৪টিতে
এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন চার জেলায় শতভাগ পরীক্ষার্থী পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১০টি। বিপরীতে শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪টি।
পুনঃনিরীক্ষণের সুযোগ
ফলাফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। ফল প্রকাশের পরের দিন ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত সাত দিন অনলাইনে আবেদন করা যাবে।
পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে।