স্টাফ রিপোর্টার, কালাই (জয়পুরহাট):
জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত এবং আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় জুলাই গণঅভ্যুত্থানের শহিদ যোদ্ধা রিতা আক্তারের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুব আলম-এর তত্ত্বাবধানে এবং উপজেলা পরিষদের সিএ এস এম শওকত-এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাওলানা মো. সেলিম রেজা।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মো. মৌদুদ আলম, জুলাই যোদ্ধা মো. তানিম সরকার এবং কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফর রহমানসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সেই চেতনায় দেশ গঠন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, উন্নয়ন ও সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।