রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলায় প্রথমবারের মতো রামগতি উপজেলায় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় হাইব্রিড সোলারচালিত ‘ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ’-এর উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকদের কৃষিপণ্য সংরক্ষণে নতুন দিগন্তের সূচনা হয়েছে।
মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মজিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিনি কোল্ড স্টোরেজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
জানা যায়, ৩০ জন কৃষকের সমন্বয়ে গঠিত একটি কৃষক গ্রুপ এই মিনি কোল্ড স্টোরেজ পরিচালনা করবে। এর মাধ্যমে শাকসবজি, ফলমূলসহ বিভিন্ন পচনশীল কৃষিপণ্য দীর্ঘ সময় সংরক্ষণ করা সম্ভব হবে। ফলে কৃষকরা বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করে সুবিধাজনক সময়ে পণ্য বিক্রির সুযোগ পাবেন। এতে ফসলের অপচয় কমবে এবং কৃষকদের আয় ও অর্থনৈতিক স্বাবলম্বিতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন। এছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক কৃষক অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, সোলার শক্তিচালিত আধুনিক এই মিনি কোল্ড স্টোরেজ কৃষকদের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ। কৃষিপণ্য সংরক্ষণের আধুনিক সুবিধা নিশ্চিত হওয়ায় কৃষকদের আর কম দামে ফসল বিক্রি করতে হবে না। এর ফলে রামগতির কৃষি উৎপাদন ও স্থানীয় কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।