মোখলেছুর রহমান ধনু, নোয়াখালী থেকে
নোয়াখালী জেলা স্কুল মাঠে শনিবার একটি ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 'হেফাজতে ইসলাম বাংলাদেশ'-এর তত্ত্বাবধানে এবং জামেয়াতুল মাদারিছিল ক্বাওমিয়্যাহ ও ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
আয়োজকদের দাবি, তারা 'হেযবুত তওহীদ'-কে "ঈমানবিধ্বংসী" ও "জঙ্গি সংগঠন" হিসেবে উল্লেখ করে সংগঠনটির কার্যক্রম বন্ধ এবং সরকারিভাবে নিষিদ্ধ করার দাবি জানান।
শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ সমাবেশস্থলে জড়ো হন। একপর্যায়ে জেলা স্কুল মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও ওভারব্রিজ এলাকাতেও মানুষের উপস্থিতি দেখা যায়। অংশগ্রহণকারীদের মধ্যে অনেককে ফিলিস্তিনের পতাকা এবং বিভিন্ন দাবিসংবলিত ব্যানার-ফেস্টুন বহন করতে দেখা যায়।
সমাবেশে বক্তারা ইসলামী মূল্যবোধ ও ঈমান-আকিদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা 'হেযবুত তওহীদ'-এর কার্যক্রম বন্ধ এবং সংগঠনটিকে নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
মহাসমাবেশে দেশের বিভিন্ন এলাকার আলেম-ওলামা, স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
উল্লেখ্য, সংবাদে উত্থাপিত 'হেযবুত তওহীদ' সম্পর্কিত অভিযোগ ও দাবি সমাবেশের বক্তা ও আয়োজকদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।