বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মো. আতিকুর রহমান তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি বলেন, সম্প্রতি একটি মহল তার বিরুদ্ধে হয়রানিমূলক সংবাদ প্রকাশ করেছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
শনিবার এক প্রতিক্রিয়ায় ওসি এলএসডি মো. আতিকুর রহমান জানান, কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে তিনি নিজের পছন্দের ব্যক্তিদের কাছ থেকে সরকারি চাল সংগ্রহ করছেন। তিনি এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক উল্লেখ করে বলেন, এটি খাদ্য বিভাগের সরকারি কার্যপ্রণালী সম্পর্কে অজ্ঞতার বহিঃপ্রকাশ।
তিনি ব্যাখ্যা করে বলেন, সরকারি বিধি অনুযায়ী প্রতি বছর জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী স্থানীয় চালকল মালিকদের (মিলার) সঙ্গে চাল সরবরাহের চুক্তি সম্পাদন করেন। কোন মিলার কতটুকু চাল সরকারি গুদামে সরবরাহ করবেন, তা জেলা খাদ্য বিভাগের সিদ্ধান্ত ও চুক্তির ভিত্তিতেই নির্ধারিত হয়। এ প্রক্রিয়ায় উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিজস্ব কোনো পছন্দ-অপছন্দ বা একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই।
মো. আতিকুর রহমান বলেন, “একজন ওসি এলএসডি হিসেবে আমার দায়িত্ব হলো জেলা কার্যালয় কর্তৃক অনুমোদিত ও চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে নির্ধারিত মানের চাল সরকারি বিধি অনুসারে গ্রহণ করা। আমি সরকারের নির্দেশনা ও দায়িত্ব সততার সঙ্গে পালন করে আসছি।”
তিনি আরও অভিযোগ করেন, খাদ্য বিভাগের চাল সংগ্রহের নির্ধারিত প্রক্রিয়া ও আইনি কাঠামো উপেক্ষা করে কিছু সংবাদমাধ্যম ব্যক্তিগত স্বার্থে বা ভুল তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে মনগড়া সংবাদ প্রকাশ করেছে। এতে তার ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান এবং তার ভাষ্য অনুযায়ী উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের নিন্দা জানান।