সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
দেশব্যাপী গ্যাস সংকটের প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক গ্যাস নিতে পারছেন না।
একটি সিএনজি ফিলিং স্টেশনের কর্মী হামিদ মিয়া বলেন, “পাম্পে সারাদিন কমপ্রেসর মেশিন চালিয়েও প্রয়োজনীয় চাপ (প্রেশার) উঠছে না। এছাড়া লাইনে গ্যাসও নেই। এ কারণেই গাড়িতে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না।”
এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট শাখার ব্যবস্থাপক প্রকৌশলী সুরজিত কুমার সাহা বলেন, “সারা দেশেই গ্যাস সংকট চলছে। মহেশখালির একটি এলএনজি (LNG) সরবরাহ বন্ধ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানে কাজ চলছে। আশা করছি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।”
গ্যাস সংকটের কারণে সোনারগাঁয়ের সিএনজি চালক ও অন্যান্য যানবাহনের চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।