সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শুক্রবার (২৪ জুলাই) মোগরাপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাহেব বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং পরে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং জনসাধারণের প্রত্যাশার কথা শোনেন।
খুতবার পূর্বে দেওয়া বক্তব্যে হাজী আশরাফ উদ্দিন বলেন, "আমি আপনাদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করতে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আমি একজন প্রার্থী। এ নির্বাচনে আরও প্রার্থী রয়েছেন। আপনারা যাকে যোগ্য, সৎ, দক্ষ এবং জনকল্যাণে নিবেদিত মনে করবেন, তাকেই আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত করবেন।"
তিনি বলেন, "জনগণের মতামত ও অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে আপনাদের সহযোগিতায় একটি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত, আধুনিক, নিরাপদ ও উন্নয়নমুখী মোগরাপাড়া ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব, ইনশাআল্লাহ।"
তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন নিশ্চিত করা, নাগরিক সেবার মানোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হবে তাঁর প্রধান লক্ষ্য।
নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি সবার দোয়া কামনা করেন এবং ইউনিয়নের শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নয়ন কামনা করেন। এ সময় উপস্থিত অনেকে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তাঁর কাছে তুলে ধরেন।
স্থানীয় সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন নিয়মিত বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, মতবিনিময় সভা এবং ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং তাদের মতামত ও সমস্যার কথা শুনছেন।