রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম জোরদার করেছে খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি। স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সহায়তা প্রদান করেছে সীমান্তরক্ষী বাহিনীটি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে জোন সদর এলাকায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। রামগড় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম (বিজিওএম, পিএসসি)-এর সার্বিক দিকনির্দেশনায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির আওতায় দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সেলাই মেশিন, কৃষি জমিতে ব্যবহারের জন্য স্প্রে মেশিন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়। একই সঙ্গে উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থী, দরিদ্র ও অসহায় পরিবার এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।
রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার বলেন, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।