মোঃ মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নবগঠিত কমিটিতে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমকে সভাপতি এবং রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় ক্রীড়াবিদ সাংবাদিক মোঃ নিজাম উদ্দিনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান (এনডিসি) স্বাক্ষরিত এক আদেশে গত ১৬ জুলাই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজির আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আনঞ্জুম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর সিদ্দিকী এবং স্থানীয় ক্রীড়া সংগঠক মোঃ সাইফুল ইসলাম (সেলিম)।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় ক্রীড়া সংগঠক ও প্রশাসনের সমন্বয়ে গঠিত এ কমিটির মাধ্যমে রামগড়ে খেলাধুলার পরিবেশ আরও গতিশীল হবে। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, নতুন প্রতিভা অন্বেষণ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে নতুন গতি আসবে এবং রামগড়ে ক্রীড়া অবকাঠামো উন্নয়ন ও খেলাধুলার প্রসারে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে।